যে কাজে ধ্বংস হতে পারে ক্যারিয়ার

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৮:৩৪ এএম

মানুষের ক্যারিয়ার গড়ার কারিগর সে নিজেই। যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনার অভাবে আর কিছু কারণে ধ্বংস হয়ে যেতে পারে ক্যারিয়ার।

ঘুম : হয়তো রাতে ঠিকমতো ঘুম হয়নি। কিন্তু তাই বলে অফিসের টেবিলে আরাম করে ঘুমিয়ে পড়বেন না যেন। আপনাকে ঘুমন্ত অবস্থায় দেখলে বস বুঝে যাবেন আপনি কাজের জন্য যথেষ্ট ফিট নন। আর ঘুমঘুম ভাব নিয়ে কাজ করতে গেলে হয়ে যাবে ভুল, আস্থা হারাবেন কর্মকর্তারা।

দায়িত্বহীনতা : দায়িত্বহীন লোককে কেউ পছন্দ করে না। সেটা অফিস হোক বা বাসা। কাজের দায়িত্ব নিতে শিখুন। নিজের কাজের পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। যদি কোনো কাজের দায়িত্বে অবহেলা করেন তাহলে আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

ভুল স্বীকার না করা : অনেকেই রয়েছেন স্মার্ট ও মেধাবী। তবে স্মার্টনেস এবং ওভার স্মার্টনেসের মধ্যে পার্থক্য রয়েছে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। কাজ করতে গেলে ভুল হবেই। তবে তা স্বীকার করে নেওয়া ভালো। অন্যের ওপর খামাখা দোষ চাপিয়ে গা বাঁচানোর চেষ্টা করা অনুচিত। এতে করে সহকর্মীসহ কর্তাব্যক্তিদের আপনার ওপর খারাপ ধারণা তৈরি হবে।

আলসেমি : চাকরিতে যখন যোগদান করেছেন তখনই নিশ্চয়ই আপনার দায়িত্ব কী হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাটাই কিন্তু আপনার চ্যালেঞ্জ। যদি আলসেমির কারণে নিজের কাজ না করেন, তো বিপদটা আপনারই। আর কাজ যদি করেন খুব দ্রুত উন্নতি ঘটবে আপনার।

অনমনীয়তা : উগ্রতা সবসময়ই খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। তাই উগ্রতা পরিহার করে নমনীয় থাকার চেষ্টা করুন। সমস্যা থাকতেই পারে মানুষের জীবনে সেটা বুঝিয়ে বলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত