মালাবদলের পর অশিক্ষিত বরকে ত্যাগ করলেন তরুণী

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১২:১৪ পিএম

শিক্ষিত স্বামী চেয়েছিলেন তরুণী। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিকঠাক তার ছিল না ন্যূনতম পড়াশোনা। এমনকি টাকাও গুনতে জানেন না। মালাবদল হয়ে যাওয়ার পর তা ধরা পড়লে বিয়েই ভেঙে দিলেন কনে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৩ মার্চ ঘটনাটি ঘটে বিহারের মধুবনী জেলায়।

খবরে বলা হয়, ব্রহ্মতোড়া গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে মোমিনপুর গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বিয়ের দিন যথাসময়ে বরযাত্রী নিয়ে হাজির বর। মালাবদল ও মণ্ডপে যাবতীয় রীতি পালনের পরে বরের সঙ্গে গল্পে মেতে ওঠেন কনের বান্ধবীরা।

তখনই পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ হয় বান্ধবীদের। তারা একের পরে এক প্রশ্ন করতে থাকেন। যার একটিরও সঠিক জবাব দিতে পারেননি পাত্র।

এর পরেই তাকে একশো রুপির দশটি নোট দিয়ে গুনতে দেওয়া হয়। তিনবার চেষ্টা করলেও সঠিকভাবে গুনতে ব্যর্থ হন পাত্র। এমনকি কোন জেলায় থাকেন, তাও বলতে পারেননি।

বোঝা যায় পাত্র পড়াশোনা জানেনই না। তখন পাত্রী বিয়ে ভেঙে দেন। তার পক্ষে ছিল গ্রামবাসী। এরপর অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি নিজের শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ের জন্য কনেকে প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে যান পাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত