সাভি সিধুকে দেখলে অবশ্যই চিনবেন বলিউডের নিয়মিত দর্শকেরা। তিনি অভিনয় করেছেন গুলাল, পাতিয়ালা হাউস ও বেয়াকুফিয়ার মতো জনপ্রিয় সিনেমায়। কিন্তু আজকাল সিধু নিজেই সিনেমা দেখার সুযোগ পান না। টাকার জন্য একটি অ্যাপার্টমেন্টে টানা ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি।
এ অভিনেতার ভাগ্য বিপর্যয়ের কাহিনি প্রকাশ হয় ভারতীয় সংবাদমাধ্যমে। সেখানে বলা হয়, সাভি সিধুর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল চণ্ডীগড় থেকে।
লখনউ-তে স্কুলের পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করতে করতে মডেলিংয়ের অফার আসে সিধুর কাছে। পরে আইন নিয়ে পড়াশোনা করতে লখনউতে ফিরে যান তিনি।
ভাইয়ের এয়ার ইন্ডিয়াতে চাকরির সূত্রে একসময় মুম্বাইতে আসেন সিধু। প্রথমে অনুরাগ কাশ্যপের ‘পাঁচ’ ছবিতে অভিনয় করেন। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। পরে একই পরিচালকের অন্য সিনেমায় অভিনয় করেন।
পরবর্তীকালে যশ রাজ ফিল্মসের ছবিতে, সুভাষ ঘাঁই থেকে নিখিল আদভানির নির্দেশনায় অভিনয় করেন।
তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। সিধু যে বলিউডে কাজ পাননি তেমনটা নয়। অসুস্থ হয়ে পড়লে সিনেমা কাজ ছাড়তে হয় তাকে। সবচেয়ে খারাপ সময় আসে স্ত্রীকে হারানোর পর। এরপর মা-বাবা মারা গেলে একদম একা হয়ে যান।
বর্তমানে প্রযোজক-পরিচালকদের সঙ্গে দেখা করার মতো আর্থিক সংগতিও সাভি সিধুর নেই। একটি অ্যাপার্টমেন্টে ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করে সময় কাটে তার।
