তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। তিনি খুব বেশি কাজ করেন না। তবে বেছে বেছে যে কাজগুলোই করেন, দর্শক তা লুফে নেয়। এ জন্য নিজের কাজ নিয়ে খুব একটা প্রচারও তাকে করতে দেখা যায় না। এমনকি নিজের ব্যস্ততা নিয়ে কথা বলতে গেলেও অনেক কাজই মনে করতে পারেন না। এই যেমন সম্প্রতি তিনি চারটি নাটকের শ্যুটিং করে এলেন নেপাল থেকে। এ জন্য টানা ১০ দিন তাকে নেপালে থাকতে হয়েছে। কিন্তু চারটি নাটকের মধ্যে দুটির নাম বলতে পারলেন, বাকি দুটির নাম ভুলে গেছেন। তবে এ প্রসঙ্গে তার যুক্তিও আছে, ‘আসলে আমি যখন যে কাজটি করি তা শতভাগ মনোযোগ দিয়েই করি। অভিনয়ের সময় শুধু ওই চরিত্রটি ছাড়া অন্যকিছু আমার মাথায় থাকে না। কাজ শেষ হলে আমি তা ভুলে যাই। কারণ, যেটা করা হয়ে গেছে সেটা তো শেষ, সামনের কাজ নিয়ে ভাবি। তা ছাড়া এখনকার বেশির ভাগ নাটকের নাম চ্যানেলে প্রচারের আগে বদলে যায়। ফলে নাম মনে রেখেও তেমন লাভ হয় না। আর আমি যেহেতু আমার কাজ খুব একটা প্রচার করি না, ফলে এত কিছু মনে রাখার প্রয়োজন বোধ করি না।’
যাই হোক, শাহতাজ এবার নেপালে গিয়ে তিনজন নির্মাতার চারটি নাটক করেছেন। এর মধ্যে দুটি নাটকে তার সহশিল্পী সজল, বাকি দুটিতে শাওন। সজলের সঙ্গে যে দুটি নাটক করেছেন তার মধ্যে একটির গল্প স্বামী-স্ত্রীর গল্প নিয়ে। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
অন্যটির নাম ‘নন্দিনী কথা’। এটি পরিচালনা করেছেন পৃথুরাজ। এই নাটকে শাহতাজের চরিত্রের নামই নন্দিনী। তিনি একজন সাবলম্বী নারী, চাকরি করেন। নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে শাহতাজ বলেন, ‘যতদূর মনে পড়ছে এটিই হয়তো আমার প্রথম নাম ভূমিকায় অভিনয় করা। ফলে কাজটি গুরুত্বের সঙ্গে করতে হয়েছে। আমি যেহেতু প্রধান চরিত্রে, ফলে অভিনয় ভালো না হলে দর্শক নাটকটি গ্রহণ করবে না, এটা একদিকে আনন্দের, অন্যটিকে বাড়তি চাপ রয়েছে।’
অঞ্জন আইচের পরিচালনায় আরেকটি নাটকে শাহতাজ একজন ক্রাইম রিপোর্টার। এই কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানালেন তিনি। সবশেষ নাটকটির পরিচালনায় রাকেশ বসু। এটি শাহতাজের ব্যক্তিগত প্রিয় নাটক। নাম ‘চশমার ফ্রেমে আঁটা এক চিলতে রোদ’। এই নাটকে তিনি আর অল্প কিছুদিনের মধ্যে অন্ধ হয়ে যাবেন। তাই দুই চোখ ভরে প্রকৃতিকে দেখতে চান। চোখ না থাকার কী আকুতি তা ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছে শাহতাজকে।
সব মিলিয়ে নেপালে চার নাটকের শ্যুটিং অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে শাহতাজ বলেন, ‘সাধারণত দেশের মধ্যে শ্যুটিং হলে আমার সঙ্গে আম্মু থাকেন। কিন্তু এবার মামা সঙ্গে ছিলেন। অনেক বড় টিম নিয়ে আমরা গিয়েছিলাম। অনেকে পাঁচ-ছয়টি নাটক করলেও ১০ দিনে আমি এত কাজ করতে পারি না। তাই চারটি করেছি। সজল ও শাওনের সঙ্গে এটি আমার প্রথম অভিনয়। দুজনেই অনেক সাহায্য করেছেন। আশা করি দর্শক নাটকগুলো পছন্দ করবেন।’
