কানের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘স্যান্ড সিটি’

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:৫৬ পিএম

বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান। কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে স্থান করে নিয়েছে তার প্রকল্প ‘স্যান্ড সিটি’। এর আগে এই বিভাগে ২০১৪ সালে কামার আহমাদ সাইমনের প্রকল্প ‘শঙ্খধ্বনি’ নির্বাচিত হয়েছিল। সে হিসেবে মেহেদী হাসান দ্বিতীয় ব্যক্তি, যিনি এই সম্মান বয়ে আনলেন। মেহেদী হাসান বলেন, ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ বিভাগে সারা বিশ্বের তরুণ নির্মাতাদের কাছ থেকে প্রকল্প আহ্বান করা হয়। যারা প্রথম বা দ্বিতীয় ফিচার চলচ্চিত্র নির্মাণ করছেন, তারাই পান এই বিভাগে অংশগ্রহণের সুযোগ। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০টি প্রকল্প বাছাই করা হয়। এবার আমার প্রকল্পটি জায়গা করে নিয়েছে।’ ‘স্যান্ড সিটি’ গল্প সম্পর্কে তিনি বলেন, ‘এটা আমাদের ঢাকা শহরের গল্প। ঢাকা শহরে সবাই স্ট্রাগল করে। আমি, আপনি সবাই। এই স্ট্রাগলের গল্পটি তিনটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।’

দশ দিনের এই আয়োজনে নির্মাতারা প্রকল্প বাস্তবায়নের নানারকম দিকনির্দেশনা পেয়ে থাকেন। শুধু তাই নয়, তারা প্রযোজক ও বিখ্যাত একজন চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। আসছে মে মাসে বসছে কান চলচ্চিত্রের ৭২তম আসর। আয়োজন চলবে ১৪ মে থেকে ২৫ মে। মেহেদি হাসান আরও বলেন, ‘এর আগে এই প্রজেক্টের চিত্রনাট্য নিয়ে সুইজার‌্যলান্ডের লোকার্ন উৎসবে গিয়েছিলাম। লোকার্ন ওপেন ডোর থেকে সিএনসি অ্যাওয়ার্ডও পাই। সঙ্গে ছিল ৮ হাজার ইউরো অর্থ পুরস্কার ও দুই মাস সেখানে থেকে কাজের সুযোগ। এরপর ফ্রান্সের আরেকটি উৎসবেও যাই। এবার যাচ্ছি কানের ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’-এ। এটা অবশ্যই সম্মানের বিষয়। এরপর আমরা সিনেমাটি নির্মাণের অর্থের জন্য বিভিন্ন জায়গায় যাব।’ প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগে মেহেদি হাসানের তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’, ‘ডেথ অব এ রিডার’ ও ‘হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হোম’ প্রদর্শিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত