ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদ্রাসাশিক্ষক

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:৪৯ এএম

ছাত্র ১১ বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে ও বুকে লাথি দিয়ে গুরুতর আহত করেছেন এক মাদ্রাসাশিক্ষক। গতকাল মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদী সদরের পিয়ারাখালী মতিমহল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও কাচারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম। আহত মাদ্রাসাছাত্র জুবায়ের হোসেনকে (১১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই শিক্ষার্থী পিয়ারাখালী জামতলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সেলিমের ছেলে। শিক্ষার্থীকে প্রহারের ঘটনায় শাস্তির দাবিতে অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে প্রতিবাদ-বিক্ষোভ করে জুবায়েরের পরিবার ও এলাকাবাসী। এ অবস্থায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার এবং মসজিদ থেকে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়।

আহতের বাবা সেলিম জানান, দেড় বছর আগে মতিমহল মাদ্রাসায় ভর্তি হয় জুবায়ের। সে নাজরানা শ্রেণির ১২ পারার ছাত্র। মঙ্গলবার সকালে সহপাঠী আনাচ বিহারীর সঙ্গে জুবায়েরের মারামারি হয়। এই নিয়ে আনাচ অভিযুক্ত শিক্ষকের কাছে অভিযোগ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে জুবায়েরকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারেন। এরপর প্লাস্টিকের টুল দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে টুলটি ভেঙে গেলে এর পায়া দিয়েও পেটান। এরপর জুবায়েরকে মাটিতে ফেলে বুকে লাথি ও গলা চেপে ধরেন। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে ভুক্তভোগীর পরিবার জানায়, সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক আমিরুল। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মাদ্রাসার প্রধান হুজুর মাওলানা শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক ও শাস্তিযোগ্য। আমরা শিক্ষক আমিরুলকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছি।’ যোগাযোগ করা হলে কাচারীপাড়া জামে মসজিদের সভাপতি আফজাল হোসেন বলেন, ‘আমি কয়েক দিন ধরে ঈশ্বরদীর বাইরে রয়েছি। তবে ঘটনাটি মোবাইল ফোনে জেনেছি। প্রাথমিকভাবে ইমাম আমিরুলকে পাঁচ দিনের ছুটি দিয়েছি। শিশুকে বেদম প্রহার করা অমানবিক কাজ এবং কোনোমতেই সমর্থনযোগ্য নয়। আমরা মসজিদ কমিটির সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত