ভারতের বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে সাড়ে চার লাখ ভারতীয় টাকা বিল না দিয়ে পালানোর অভিযোগ উঠেছে পুজা গান্ধির বিরুদ্ধে।
বাংলা ‘তোমাকে সালাম’ সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পান।
জানা গেছে, ভারতীয় অভিনেত্রী পুজা বেশ কয়েক দিন বেঙ্গালুরুর হোটেলে ছিলেন। হোটেলে বিল বাড়তেই তিনি সবার চোখ এড়িয়ে হোটেল ছেড়ে চলে যান। হোটেল ম্যানেজমেন্ট এ কথা জানতে পেরে স্থানীয় থানায় এই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন।
এই অভিনেত্রী তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেন। মামলার পর পুজা প্রথম ধাপে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, পুজা হোটেল ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন বিলের বাকি অংশ মিটিয়ে দেওয়ার জন্য তাকে কিছুটা সময় দিতে। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।
দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।
বলিউড ছবি ‘দুশমনি’ দিয়ে সিনেমার জীবন হয় তার। ৩০টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছেন পুজা।
