স্কুলভ্যানে পিকআপের ধাক্কা

আহত ৩ ছাত্রী, পা গেল একজনের

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:০৩ এএম

যশোর-বেনাপোল সড়কের নাভারন এলাকায় স্কুলভ্যানে পল্লী বিদ্যুৎ সমিতির পিকআপ ভ্যানের ধাক্কায় তিন ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একজনের ডান পা কেটে ফেলতে হয়েছে। গতকাল বুধবার সকালের এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং প্রায় তিন ঘণ্টা যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে।

দুর্ঘটনায় আহত হয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী মোফতাহুল জান্নাত নিপা (১৩), মিতা (১৩) ও সালেহা (১২)। যশোর সদর হাসপাতালে ভর্তির পর নিপার ডান পা কেটে ফেলতে হয়েছে বলে জানান তার বাবা রফিকুল ইসলাম। এক হাতে বেশি চোট লেগেছে বলেও জানান তিনি। রফিকুলের বাড়ি শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামে। এ ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি। অপর দুই ছাত্রীকে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি স্কুলে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে স্কুলভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় নিপাসহ আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। বিক্ষুব্ধ জনতা পিকআপটিতে অগ্নিসংযোগ করে এবং যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। দোষীদের বিচারের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়।’ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কুমার মণ্ডল ও থানাপুলিশ দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

এদিকে দুর্ঘটনার পর শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত