এক নারীকে চাপা দিয়ে আবরারকে পিষ্ট করে বাসটি

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:০৪ এএম

রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে পিষ্ট করার আগে সিনথিয়া সুলতানা মুক্তা নামে এক পথচারীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের বাসচালক সিরাজুল ইসলাম। গত মঙ্গলবার আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরীর করা মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে প্রগতি সরণির আইকন টাওয়ারের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময়  বাসচাপায় নিহত হন আবরার। এ ঘটনায় দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে গতকাল বুধবারও এসব কর্মসূচি চলে। দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বৈঠক হয়। সে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একটি অংশ অবরোধ তুলে নিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করে।

আবরার নিহত হওয়া ঘটনায় করা মামলার এজাহারে তার বাবা আরিফ আহমেদ উল্লেখ করেন, ‘আমার ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে বেপরোয়া গতিতে বাড্ডার দিক থেকে প্রগতি সরণি রোড দিয়ে কুড়িলের দিকে যাওয়ার পথে গুলশান থানাধীন শাহজাদপুরে বাঁশতলা নামক জায়গায় পথচারী সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামে এক পথচারীকে চাপা দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে একই বাসচালক সিরাজুল ইসলাম। সেখান থেকে পালানোর জন্যই সে আরও বেপরোয়াভাবে চলতে থাকে।’

এজাহারে তিনি আরও বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ি চালিয়ে আইকন টাওয়ারের সামনে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় আমার ছেলেক চাপা দিয়ে হত্যা করেছে সে।’

এ বিষয়ে গুলশান থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘শাহজাদপুর থেকে লোকজন আহত ওই পথচারীর কথা ও বাসের নম্বর পুলিশকে জানান। গ্রেপ্তার হওয়ার পর বাসচালক সিরাজুল ইসলামও জিজ্ঞাসাবাদে নারী পথচারীকে ধাক্কা দেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীকে অন্যরা হাসপাতালে পাঠানোয় তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন বা এখন কোথায় আছেন, সেটিও জানা যায়নি।’

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘গ্রেপ্তার বাসচালক সিরাজুল ইসলাম বাঁশতলায় ওই নারীকে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করেছে। এখন চিকিৎসাধীন ওই নারীকে খুঁজছি। তাকে পাওয়া গেলে আরও মামলা হবে ওই বাসচালকের বিরুদ্ধে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত