স্মার্টফোনে সম্পর্ক নষ্ট হলে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১১:৪৩ পিএম

প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার হলো স্মার্টফোন। প্রযুক্তিময় বিশ্বের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, একটা মুহূর্তের জন্যও আমরা স্মার্টফোন থেকে দূরে থাকতে পারি না। স্মার্টফোন আজকাল সবার হাতে। কিন্তু কীভাবে বুঝবেন এই স্মার্টফোনের কারণে সঙ্গী বা পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে?

অবসর সময়ে আপনি কী করেন? এক কাপ চা অথবা কফি নিয়ে আরামদায়ক জায়গায় বসে মোবাইল ব্রাউজ করেন? ঢুঁ মারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা দেখতে থাকেন কোনো মজার জিনিস? তাহলে বলতেই হবে এই অভ্যাসের কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হবে। এই অভ্যাস খুব দ্রুতই পরিত্যাগ করা উচিত। অবসর সময় রাখুন পরিবার বা সঙ্গীর জন্য।

সঙ্গী কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের জবাব যদি আন্তরিকতার সঙ্গে বিস্তারিত দেন তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কিন্তু যদি মোবাইল হাতে ব্যস্ত থাকেন আর দায়সারাভাবে এক-দুই শব্দে উত্তর দিয়ে দিলেন। তাহলে বুঝতে হবে প্রযুক্তি আপনার সম্পর্কে নাক গলাচ্ছে। তাই সচেতন হওয়া প্রয়োজন এখনই।

দুজন মিলে টিভি দেখছেন অথচ টিভিতে কী চলছে সেটার দিকে আপনার মনোযোগ নেই। আপনি ব্যস্ত মোবাইল হাতে। সেই সময়টাতে আপনি সঙ্গীর সঙ্গে থেকেও আসলে সঙ্গীর সঙ্গে নেই। আপনার এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সমস্য তৈরি করতে পারে। সঙ্গী মনে করতেই পারে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না।

সঙ্গী যদি প্রায়ই অভিযোগ করে আপনি সব ভুলে যাচ্ছেন তাহলে এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিন। যেমন সেটা হতে পারে অফিস থেকে ফেরার সময় কিছু আনতে বলেছিল কিংবা সঙ্গীর বিশেষ কোনো দিন। এই ভুলে যাওয়ার কারণ হতে পারে আপনি বেশি সময় স্মার্টফোনে অতিবাহিত করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত