কক্সবাজারের জালিয়ার দ্বীপের নাফ ট্যুরিজম পার্কে সাড়ে ৯ কিলোমিটার দৈর্ঘ্যরে কেবল কার স্থাপন করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মধ্যে একটি পরামর্শ পরিষেবা চুক্তি সই হয়েছে। এই কেবল কার নেটং পাহাড় থেকে দ্বীপটির মূল ভূখ-কে যুক্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বেজা কার্যালয়ে সংস্থার মহাব্যবস্থাপক সোহেলের রহমান চৌধুরী এবং চুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি (বিআরটিসি)-এর পরিচালক ড. মো. তাজুল ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বেজার সদস্য হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
নাফ ট্যুরিজম পার্কে কেবল কার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘কেবল কার নাফ ট্যুরিজম পার্ককে পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। তবে ট্যুরিজম পার্কটি চালু করার বিষয়ে এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’ আগামী ১ ডিসেম্বরের মধ্যে পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বেজার উদ্দেশ্যে বলেন, ‘কয়েকটি কটেজ স্থাপন করে দ্রুত পার্কটি চালু করুন। মানুষ এ ধরনের সুন্দর জায়গায় সময় কাটাতে চায়। যত দ্রুত এটি চালু করবেন, তত আপনাদের জন্যও ভালো হবে।’
তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি অন্যান্য খাতেও উদ্যোক্তারা যেন বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বিশ্বমানের পর্যটন সুবিধা, চিকিৎসাসেবা ও শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
