সড়কে তিন শিক্ষার্থীসহ নিহত ১১

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৩:০৬ এএম

দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয়বারের মতো বড় আকারের আন্দোলন সত্ত্বেও শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। চলমান আন্দোলনের মাঝেই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হচ্ছে শিক্ষার্থীদের। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জে কার্গো ভ্যানের চাপায় এক কলেজছাত্র নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এদিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী, বাবা-ছেলে ও মা-মেয়েসহ কমপক্ষে ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে রাস্তা পারাপারের সময় তেলের লরির নিচে চাপা পড়ে আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি মেহেরপুর সদরে। মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মাদ্রাসার কাজে ঢাকায় আসেন আবদুর রাজ্জাক। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে কার্গো ভ্যানের চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই পথচারী। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কার্গো ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

কামারখন্দ থানার ওসি হাবিবুর রহমান জানান, এসিআই অ্যাগ্রো লি. কোম্পানির কেমিক্যালবাহী একটি কার্গো ভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নরসিংদী : বেলাবোর বারৈচায় কাভার্ড ভ্যানের চাপায় সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি (১৩) বেলাবো হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাব্বি বাইসাইকেল নিয়ে তার বাবার দোকানে যাচ্ছিল। মহাসড়ক পারাপারের সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা : রূপসা উপজেলায় ট্রলিচাপায় আঁখি মনি (৭) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। সকাল ৯টার দিকে আনন্দনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের আকবর আলী সরদারের মেয়ে ও আনন্দনগর ইবতেদায়ি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, মাদ্রাসা থেকে পাশের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর : নাটোর-বগুড়া মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক (৩৪) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী। বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে বাসের চাপায় রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আছিম উল্লার স্ত্রী। সকালে মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রাজিয়া। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে পানিউমদা বাজার এলাকায় বাস আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ট্রাক উল্টে কাদির মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদির উপজেলার বৈশ্বর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় কালা মিয়া (৩৫) ও ইমাম হোসেন (২৬) আহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, বিপরীতমুখী দুটি ট্রাক ও লরির সংঘর্ষে ট্রাকটি উল্টে খাদে পড়ে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা ওবায়দুল হক (৩৫) ও আব্দুল্লাহ (৪)। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা বলেন, মোটরসাইকেলযোগে ওবায়দুল তার শিশুসন্তানকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন।

নারায়ণগঞ্জ : সোনারগাঁ উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন মেয়েটির বাবা। রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সোনারগাঁর সনমান্দি ইউনিয়নের দড়িকান্দির জসিম উদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার (২৯) ও মেয়ে জান্নাত (৭)। আহত জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, পথে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত