ভেঙে ফেলা হলো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘সাত ভাই চম্পা’র সেট। নির্মাতারা জানালেন, ধারাবাহিকের গল্প সমাপ্তিতে এসে পড়েছে। তাই শিগগিরই প্রচার হবে শেষ পর্ব।
এ প্রসঙ্গে ‘সাত ভাই চম্পা’র নায়ক রুদ্রজিৎ মুখোপাধ্যায় স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “এই ধারাবাহিক বন্ধ হওয়ারই ছিল, কারণ এর গল্প শেষ হয়ে গিয়েছিল। সাত চাঁপা ভাইকে আমরা উদ্ধার করেছিলাম, পারুলের মা-বাবাকেও ফিরিয়ে এনেছিলাম। গল্পে আর নতুন কিছু দেখানোর ছিল না।”
সিরিয়ালে অন্যতম ভিলেন মণিমল্লিকা হয়েছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সাত ভাই চম্পা’র চরিত্র, প্রতিদিনের কাজ, ইউনিটের সদস্যদের খুব মিস করছি। একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। খুব বাজেভাবেই মিস করছি।”
নায়িকা পারুল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রমিতা চক্রবর্তী।
তিনি বললেন, “খুব খালি খালি লাগছে। ধারাবাহিক চলার সময় সকাল থেকে রাত পর্যন্ত শুটে থাকতাম। তারপর একটা সিস্টেম হয়ে যায়। রোজ শুটে যাওয়া আসা... এমনকি, পশুপাখি যাদের সঙ্গে পারুলের কথাবার্তা হতো, বন্ধু ছিল, ওদেরও মিস করছি।”
খানিকটা মজা করে প্রমিতা বলেন, “সবাই তো ‘ভাই’ ছিল...আরশোলা ভাই, শুঁয়োপোকা ভাই, পিঁপড়ে ভাই, প্রজাপতি বন্ধু...খুব মিস করছি। যদিও পশুপাখিরা রিয়েল ছিল না, কম্পিউটার গ্রাফিকসে তৈরি করা হতো। অভিনয় করতে করতে প্রিন্সেস প্রিন্সেস ফিল চলে এসেছিল রিয়েল লাইফেও। সবাই পারুলকে খুব ভালোবেসেছে, চরিত্রটা করে আমারও খুব ভালো লেগেছে।”
