টানা তিন সেঞ্চুরি এনামুলের

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০২:৫০ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। হাঁকাচ্ছেন একের পর এক সেঞ্চুরি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শতক হাঁকানোয় হ্যাটট্রিক করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে টসে হারা প্রাইম ব্যাংক। অধিনায়ক ও ওপেনার এনামুলের সেঞ্চুরি আর অভিমানু ঈশ্বরণ ও আরিফুল হকের অর্ধশতকে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় তারা।

নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১২৮ বলে ১০২ রান করেন এনামুল। তার ইনিংসটি পাঁচ চার ও দুই ছক্কায় সাজানো।

২৬ বছর বয়সী এই ক্রিকেটার আগের দুই ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১০১ ও লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১০০ রান করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এই নিয়ে এনামুলের শতক দাঁড়ালো ১২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত