প্রখ্যাত সাহিত্যিক শহীদুল জহিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে এসেছে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায়। গত ১৪ মার্চ থেকে ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’ শিরোনামে এই নাটকটির প্রদর্শনী হয়, চলেছে টানা এক সপ্তাহ অর্থাৎ ২০ মার্চ পর্যন্ত। দুদিনের বিরতি নিয়ে নাটকটি আরও তিন দিন টানা মঞ্চায়িত হবে। প্রযোজনা করেছে নাট্যসংগঠন স্পর্ধা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতার এই মাসে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের একাদশ মৃত্যুবার্ষিকী এবং একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রি ২৫ মার্চকে স্মরণ করার উদ্দেশ্যে নাটকটি আজ, আগামীকাল ও পরশু বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটির প্রদর্শনী হবে। উল্লেখ্য, ‘স্পর্ধা’ একটি প্রযোজনাভিত্তিক নাট্য সংগঠন। রিজওয়ান নাটকের সফলতার ধারাবাহিকতায় এ সংগঠনটি তৈরি হয়েছে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। অন্য স্থায়ী সদস্যরা হলেন মহসিনা আক্তার, সাইফুল ইসলাম ম-ল, মো. সোহেল রানা এবং মো. আবদুর রাহীম খান।
×
