টুঙ্গিপাড়ায় সুলতান মনসুর

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্যরাও শপথ নেবেন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০২:০৪ এএম

একাদশ সংসদে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরাও নির্ধারিত সময়ে শপথ নেবেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন।’ গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের সিদ্ধান্ত অমান্য করে গত ৭ মার্চ এমপি হিসেবে শপথ নেন সুলতান মনসুর। একই দিন বিকেলে তাকে ফ্রন্ট ও গণফোরামের সব পদ থেকে বহিষ্কার করা হয়। শপথ নিয়েই সংসদে যোগ দেন সুলতান মনসুর। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান মনসুর আরও বলেন, ‘আমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনো আওয়ামী লীগে আছি। আমি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি বা আমি আওয়ামী লীগ ছেড়ে যাইনি। তাই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও আমি শপথ নিয়েছি।’

এ সময় সুলতান মনসুরের সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা গণফোরামের সভাপতি মোতাহের আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ মোহিত, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় দাস, যুগ্ম আহ্বায়ক হুসেন মুনসুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ তার নির্বাচনী এলাকার ভোটাররা।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সুলতান মনসুর। পরে তার উদ্যোগে পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদদের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত