এমপি মেননের গাড়িতে বলাকার ঘষা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০২:০৫ এএম

নিরাপদ সড়ক ও যান চলাচলে শৃঙ্খলা রক্ষার ট্রাফিক সপ্তাহে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সাবেক মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের

দিকে যাচ্ছিলেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও অক্ষত ছিলেন মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে করে যাওয়ার সময় গতকাল মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি অপেক্ষমাণ বাস হঠাৎ চালু হয়ে রাশেদ খান মেননের গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে চালক জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, তার লাইসেন্সও ছিল না। এমনকি গাড়ির ফিটনেসও ছিল না।

বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনায় জড়িত বলাকা পরিবহনের বাসচালক আমানুল্লাহ (৩৮) ও চালকের সহকারী দুলাল মিয়াকে আটক করে থানাপুলিশের কাছে হস্তান্তর করেছেন সেখানে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত বলাকা পরিবহনটি জব্দ করা হয়েছে।  

গত ১৯ মার্চ ঢাকার নর্দা এলাকায় একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এই শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবি পূরণে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত