রানি লক্ষ্মীবাঈয়ের পর জয়ললিতা চরিত্রে

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০১:০৬ পিএম

পরপর দুটি সিনেমায় ব্যর্থ হওয়ার পর রানি লক্ষ্মীবাঈয়ের বায়োপিক ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ দিয়ে ফর্মে ফিরেছেন কঙ্গনা রনৌত। এ সিনেমা দেখিয়ে দিল অভিনয়ের পাশাপাশি তিনি এখন সফল পরিচালকও বটে।

মাঝে শোনা গিয়েছিল নিজের বায়োপিক নির্মাণ করছেন কঙ্গনা। নতুন খবর হলো, এবার তাকে দেখা যাবে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার চরিত্রে। পরিচালনা করবেন এ এল বিজয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, তামিল ও হিন্দি দুই ভাষাতেই তৈরি হবে এই ছবি। তামিলে শিরোনাম হবে ‘থালাইভি’ ও হিন্দিতে ‘জয়া’। চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলি’ ও ‘মণিকর্ণিকা’-খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও সফল নারী জয়ললিতাজি। তিনি সুপারস্টার হওয়ার পাশাপাশি পরবর্তী জীবনে অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত।”

এদিকে মুক্তির মিছিলে রয়েছে কঙ্গনার আরেক ছবি ‘মেন্টাল ক্যায়া হ্যায়’। এতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত