নরসিংদীর বারৈচায় কাভার্ডভ্যানের চাপায় সপ্তম শ্রেণির ছাত্র রাব্বি (১৩) নিহতের প্রতিবাদে গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনারোধে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় স্পিডবেকার, গোলচত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করে তারা। সড়ক অবরোধের ফলে এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাব্বি নিহত হয়। ওই দিন স্কুল শেষে রাব্বি বাইসাইকেল নিয়ে তার বাবার দোকানে যাচ্ছিল। সড়ক পারাপারের সময় ভৈরব থেকে ঢাকা গামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় রাব্বি নিহতের প্রতিবাদে তার সহপাঠী ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা শারমিন ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
