লিওনেল মেসির এই গল্পটা সুপরিচিত। দেশের জার্সিতে তিনি ভালো খেলতে পারেন না। শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে আরও একবার সেই না পারার গল্পটাই ফিরে ফিরে এলো। ফলে হার এড়াতে পারল না আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে তারা। পুরো সময় খেলে কুঁচকিতে চোট পেয়েছেন মেসি। ফলে মরক্কোর বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
তবে একা মেসির ব্যর্থতায় যে দল হেরেছে এমন নয়। আর ভেনেজুয়েলার বিপক্ষে তিনি পুরোপুরি যে ব্যর্থ, তাও বলা যাবে না। দারুণ দুটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। সতীর্থরা তা থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। আসলে পুরো ম্যাচেই দলীয়ভাবে আর্জেন্টিনা সমস্যা-জর্জর ফুটবল খেলেছে। কয়েক বছর ধরেই এই সমস্যাটা চলছে। আকাশি-নীল জার্সিধারীদের রক্ষণ এলোমেলো। তুলনায় আক্রমণটা ভালো। কিন্তু মাঝমাঠ থেকে সেই আক্রমণভাগের কাছে বল জোগানোর ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব আছে। এই অভাবের কারণেই আর্জেন্টিনার হয়ে খেলার সময় মেসিকে নি®প্রভ মনে হয়।
অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রথমার্ধেই পিছিয়ে পরে অর্জেন্টিনা। ডিফেন্সের ভুলে ম্যাচের ৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। রোসালেস থ্রু বাড়িয়েছিলেন। অপূর্ব দক্ষতায় সেই থ্রু নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার সালোমোন রনডান। প্রথমার্ধের ৪৪ মিনিটে আরও একটি গোল পায় ভেনেজুয়েলা। এবার গোল করেন জন মুরিও। বল বানিয়ে দিয়েছিলেন সেই রোসালেস। দুই গোলে পিছিয়ে পড়ার পর যে ফুটবল খেলার দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি আর্জেন্টিনা। অগোছালো কিছু আক্রমণ করেছে। কিন্তু গোল পায়নি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মেসিরা গোলের দেখা পায়। মাতিয়াস সুয়ারেজের নিখুঁত পাস থেকে গোল করেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। তার সঙ্গে মেসির বোঝাপড়া চমৎকার হওয়ায় কিছু সময়ের জন্য আর্জেন্টিনাকে ছন্দময় মনে হচ্ছিল। নতুন এই সেন্টার ফরোয়ার্ড আশা জাগানিয়া ফুটবল খেলেছেন। মেসি তাকে বিপজ্জনক অঞ্চলে বল জোগাচ্ছিলেন। মার্টিনেজও চূড়ান্ত পরীক্ষায় ফেলে দেন ভেনেজুয়েলার ২১ বছরের তরুণ গোলরক্ষক উইল্কার ফারিঞ্জকে। যা হোক ৭৭ মিনিটে জোশেফ মার্টিনেজের গোলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার প্রচেষ্টা থমকে যায়। পেনাল্টি থেকে দলের পক্ষে তৃতীয় গোল করেন মার্টিনেজ। জয় নিয়ে মাঠ ছাড়ে ভেনেজুয়েলা।
অ্যাতলেতিকোর এই মাঠে রাশিয়া বিশ্বকাপের আগে স্পেনের কাছে ৬-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই মাচে খেলেননি মেসি। শুক্রবার রাতে খেললেও বড় হার এড়াতে পারেনি আর্জেন্টিনা। সঙ্গে এলো দুঃসংবাদও। ম্যাচের পর আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে মেসির ইনজুরির খবর। বিশ্বকাপের পর দেশের জার্সি গায়ে খেলতে নেমেই বিপত্তিতে পড়লেন। আবার আর্জেন্টিনার হয়ে মেসির খেলতে নামার খবর শুনে খুশি দলের কোচ লিওনেল স্কোলনি বলেছিলেন, ‘এটা আমার এবং সবার জন্যই আনন্দের ব্যাপার যে সে (মেসি) ফিরছে।’ দুর্ভাগ্যের ব্যাপার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ভেনেজুয়েলার বিপক্ষে হারের পর তাই স্কোলনির মন্তব্যে হতাশার ছোয়া লেগেছে, ‘যে ভাবে আমরা খেলেছি তাতে প্রথমার্ধকে ইতিবাচক আর দ্বিতীয়ার্ধকে নেতিবাচক বলব। এই হার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মেসি থাকাতে আমরা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। এই ম্যাচটা আমাদের শিখিয়েছে কীভাবে মেসির সঙ্গে খেলতে হবে।’ তবে যা কিছুই বলুন না কেন আর্জেন্টাইন কোচ, তা শেষ পর্যন্ত দেশের জার্সি গায়ে ব্যর্থতার অপবাদ থেকে মেসিকে মুক্ত করতে পারবে বলে মনে হয় না।
