এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইপর্ব শুরু হয়েছে গত শুক্রবার। বি গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ০-১ গোলে হেরেছে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে। আজ দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গতকাল কোনো অনুশীলন করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। হালকা জিম করার পর পুলে সাঁতার কাটে তারা। এরপর কোচ এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিডিও বিশ্লেষণ এবং ম্যাচ সম্পর্কিত আলোচনায় অংশ নেয়।
ফিলিস্তিন ফিফা র্যাংকিংয়ের ১০০তম স্থানে আছে। বাংলাদেশের চেয়ে ৯২ ধাপ ওপরে তারা। তাই এই ম্যাচে জয়ের আশা না করাই ভালো। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে বলেছেন, ‘গতকালের (শুক্রবার) হার থেকে আমাদের কিছু শিখতে হবে। এই ম্যাচে (ফিলিস্তিনির বিপক্ষে) আমরা শুরুটা ভালো করতে চাই। আশা করি প্রতিপক্ষের ভুলের সুযোগ আমরা কাজে লাগাতে পারব।’ প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে পাঁচ জনকে রক্ষণে খেলিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচের প্রতিপক্ষও শক্তিশালী। কী ভাবছেন জেমি ডে? গতকাল তিনি বলেন, ‘আমাদের গ্রুপের সেরা দল বাহরাইন এবং ফিলিস্তিন। তাই আমি বলবÑ এই ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। এই ম্যাচটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমাদের সেরাটা দেব। আশা করি ভালো ফল পাব।’
