এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে আইপিএল। এবারের আসরে তাই দেখা যাবে না বলিউড তারকাদের নাচ-গানের জমকালো অনুষ্ঠান। তার বদলে যে অর্থ বেঁচে যাবে সেটাই পুলওয়ামার সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে বাজেট রাখা হয় সেই অর্থের পুরোটাই ক্ষতিগ্রস্ত সেনা পরিবারকে দান করা হবে। আইপিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর বিনোদ রাই বলেন, ‘এবার আমরা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করছি না। সেই অর্থ দান করা হবে পুলওয়ামার সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলোকে।’
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাজেট ধরা হয়েছিল ২০ কোটি রুপি। এরমধ্যে ভারতীয় সেনাদের দেওয়া হবে ১১ কোটি রুপি। ৭ কোটি রুপি দেওয়া হবে সিআরপিএল জওয়ানদের। এছাড়া ভারতের বিমান ও নৌবাহিনীর সদস্য পাবেন ১ কোটি রুপি।
