ফেইসবুক পাসওয়ার্ড বদলে ফেলুন এখনই

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:০১ এএম

দীর্ঘদিন ধরে একই ফেইসবুক পাসওয়ার্ড ব্যবহার করলে এখনই সতর্ক হন। এ পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত বদলে ফেলুন পাসওয়ার্ড। ফেইসবুক-সংক্রান্ত এমন একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়, ২০ থেকে ৬০ কোটি ব্যবহারকারী পাসওয়ার্ড হিসেবে শুধু সহজ কিছু শব্দ বা টেক্সট ব্যবহার করেন এবং তা অটো-সেভ করে রাখেন।

কিন্তু ফেইসবুকের ২০ হাজারেরও বেশি কর্মী অনায়াসে সেসব পাসওয়ার্ড বের করে ফেলতে পারেন। বোঝাই যাচ্ছে, অ্যাকাউন্টগুলো সহজে হ্যাক করা সম্ভব। এ কারণেই যারা শুধু শব্দ পাসওয়ার্ড ব্যবহার করেন, তাদের সতর্ক করা হচ্ছে। পাসওয়ার্ড বদলের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ অন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অনেকে নিজের নামটিই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। এর সঙ্গে হ্যাশট্যাগ, এট দ্য রেট কিংবা কোনো সংখ্যা যুক্ত করেন না। এ ধরনের পাসওয়ার্ড খুবই দুর্বল। তাদের অ্যাকাউন্টে সহজে লগ ইন করা যায়। তবে ফেইসবুক কর্র্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি পুরো বিষয়টি নজরদারি করায় এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ঘটতে কতক্ষণ!

যারা পাসওয়ার্ডে হ্যাশট্যাগ বা যতিচিহ্ন ব্যবহার করেন, তাদের ফেইসবুক হ্যাক করা তুলনামূলক কঠিন। এর সঙ্গে টু-ফ্যাক্টর অথেনটিকেশন জরুরি। অনেকে আবার একই পাসওয়ার্ড বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এটাও বেশ ঝুঁকিপূর্ণ।

এরই মধ্যে বহু ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ফেইসবুকের বিরুদ্ধে। যার জেরে অনেকেই নিজেদের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন, যা ব্যাঘাত ঘটাচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। তাই ঝামেলা এড়াতে এখনই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত