অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:২৬ এএম

বাংলাদেশের নাট্যাঙ্গনের গুণী অভিনেত্রী তনিমা হামিদ। প্রথমবারের মতো একক অভিনয়ের নাটক নিয়ে মঞ্চে হাজির হলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো নাটক ‘একা এক নারী’। এ প্রসঙ্গ নিয়েই প্রদর্শনী শুরুর আগে দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

কত বছর পর মঞ্চে?

প্রায় তিন বছর আগে ‘মৃত্যু ক্ষুধা’ নাটকে অভিনয় করেছিলাম। এ ছাড়া আমাদের দল নাট্যচক্রের ‘ভদ্দরনোক’ নাটকেও নিয়মিত অভিনয় করছি। এবার নতুন নাটক নিয়ে মঞ্চে অভিনয় করাটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। একা পুরো একটি নাটকে অভিনয় করা সত্যিই কঠিন। শুরুতে মনে হয়েছিল আমি পারব না। কিন্তু নির্দেশক দেবপ্রসাদ দেবনাথের মনে হয়েছে আমাকে দিয়ে হবে। তাই তিনি উৎসাহ দিয়েছেন। আরও অনেকের সহযোগিতায় নাটকটি নিয়ে মঞ্চে উঠতে পারছি।

একক অভিনয়ে প্রথমবার?

এর আগে যে নাটকগুলোতে অভিনয় করেছি সেখানে আমার সহশিল্পীরা ছিলেন। এই নাটকে পুরো এক ঘণ্টা বিশ মিনিট আমাকেই অভিনয় করতে হবে। এরপর নাটকটির স্ক্রিপ্টিও একটু জটিল। সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা এবং অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

নাটক প্রসঙ্গে একটু বিস্তারিত জানতে চাই।

দারিও ফো এবং ফ্রাংকা রামের লেখা নাটক ‘এ ওয়েমেন অ্যালোন’। বাংলায় নামকরণ করা হয়েছে ‘একা এক নারী’। অনুবাদ করেছেন আবদুস সেলিম এবং মঞ্চে নির্দেশনা দিচ্ছেন দেবপ্রসাদ দেবনাথ। এটি নাট্যচক্রের ৫৪তম প্রযোজনা। নাটকটিতে আমি একা অভিনয় করছি, কিন্তু তার সঙ্গে আরও বেশ কিছু মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। তাদের মধ্যে আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, সাউন্ড ডিজাইন করেছেন আহসান রেজা খান তুষার, মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ এবং পোশাক পরিকল্পনা করেছেন আইরিন পারভিন লোপা।

টেলিভিশন নাটকের খবর জানতে চাই।

অনেক দিন ধরেই টেলিভিশন নাটকে অভিনয় করা হচ্ছে না। এটা হচ্ছে না আমার ব্যক্তিজীবনের ব্যস্ততার জন্য। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত। যার জন্য সেখানে সময় দিতে হয়। ফলে টেলিভিশন নাটকে অভিনয় করা হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত