রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শুক্রবার গভীর রাতে ময়লার ঝুড়ি থেকে ১৫ কেজি ৭৩৮ গ্রাম ওজনের ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনার রেশ না কাটতেই গতকাল শনিবার দুপুরে এক যাত্রীর পায়ুপথ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবাররাত দেড়টার দিকে শুল্ক কর্মকর্তারা শাহজালালের ৭ নম্বর বোর্ডিং ব্রিজসহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক নজরদারি রাখে। পরে ৭ নম্বর বোর্ডিং ব্রিজসংলগ্ন বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় সাদা স্কচটেপে প্যাঁচানো ৯টি প্যাকেট উদ্ধার করা হয়। কাস্টম হাউসের ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে তার ভেতরে ৪৮ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। বর্তমান সোনার বাজার দর অনুযায়ী এর মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।’ তিনি আরও বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সোনার বারগুলো ফেলে পালিয়ে যায়। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’
পায়ুপথে ইয়াবা : গতকাল দুপুরে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ইয়াবা বাহক ফরিদ আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে দেশ রূপান্তরকে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান, ফরিদ ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার পায়ুপথ থেকে ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ফরিদকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
