বিলাইছড়ি আ.লীগ সভাপতি হত্যা মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৩:২১ এএম

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলার সন্দেহভাজন আসামি স্নেহাশীষ চাকমাকে আটক করেছে যৌথবাহিনী। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। স্নেহাশীষ ছাত্রজীবনে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১৮ মার্চ বাঘাইছড়িতে ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ সাতজনকে হত্যার পরদিন সকালে নিজ বাড়ি উজাছড়ি থেকে বিলাইছড়ি সদরে যাওয়ার পথে সুরেশকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডের চার দিন পর গতকাল সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জনসংহতি সমিতির সভাপতি শুভমঙ্গল চাকমাসহ ২০ জনের নামে মামলা করেছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন। বিলাইছড়ি থানার ওসি মো. পারভেজ জানান, এ মামলায় অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এদিকে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পাঁচ দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি যৌথবাহিনী। বাঘাইছড়ি থানার ওসি আবদুল মনজুর বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত