নিউজিল্যান্ডে বর্ণবাদবিরোধী পদযাত্রা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:৫৯ পিএম

বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গতকাল রবিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে হাজারো মানুষের উপস্থিতিতে পদযাত্রা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে হেরাল্ড। এ সময় তারা মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এদিন স্ক্রাইস্টচার্চ মসজিদ সংলগ্ন নর্থ হাগলে পার্ক এলাকায়ও একই রকমের পদযাত্রা অনুষ্ঠিত হয়।

যৌথভাবে পদযাত্রার আয়োজন করে লাভ অটিয়ারোয়া (মাওরি ভাষায় নিউজিল্যান্ডের আদি নাম) এবং হেট রেসিজম নামের দু’টি সংগঠন। অকল্যান্ডের অটিয়া স্কয়ার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে এসে জড়ো হন পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা। পরে তারা দুই মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালনের আগে তারা নিহত ৫০ জনের সবার নাম উচ্চারণ করেন।

পদযাত্রায় অংশ নিয়েছেন রিটা মারা নামের এক নারী। তিনি বলেন, এই পদযাত্রা হচ্ছে আসলে একটি সম্মিলন। তার ভাষায়, ‘বর্ণবাদকে সংজ্ঞায়িত করা কঠিন। আমাদের জন্মের আগে থেকেই এসব ঘটে আসছে; যা আজ মানুষে মানুষে পার্থক্য তৈরি করছে।

বিদ্বেষ নিউজিল্যান্ডের যে স্থানটিতে বন্দুকের গুলি হয়ে আছড়ে পড়েছিল, সেই ক্রাইস্টচার্চে সব সময়ই ধ্বনিত হয়ে আসছে বিশ্বমানবের ঐকতান। ভারতীয় উপমহাদেশ আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ সেখানে অভিবাসী হয়েছেন। স্থানীয় মুসলিম সম্প্রদায় তাদের জড়িয়ে নিয়েছে নিজেদের বুকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত