ইউরো ২০২০ কোয়ালিফায়ারে নিজেদের গ্রুপে জয় দিয়ে শুরু করেছে স্পেন ও ইতালি। গ্রুপ ‘এফ’ এ ঘরের মাঠে স্পেন ২-১ গোলে হারিয়েছে নরওয়েকে। ‘জে’ গ্রুপে নিজেদের মাঠে ইতালি ২-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে। জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন ইতালির নিকোলো বারেল্লা ও ময়েস কিন। এছাড়াও নিজেদের ম্যাচে জয় পেয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, গ্রিস, মাল্টা ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্র।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। নেশন্স লিগেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। চার ম্যাচের একটিতে জয় ও দুটি ড্র নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। ম্যাচের ৭ মিনিটে বারেল্লার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আজ্জুরিরা। বিরতির পর ৭৪ মিনিটে কিন ব্যবধান দ্বিগুণ করেন। ইতালির হয়ে গোল করা দ্বিতীয় তরুণ খেলোয়াড় কিন। ১৯৫৮ সালে ব্রুনো নিকোল সবচেয়ে কম বয়সে ইতালির হয়ে গোল করেছিলেন। ২০১৭’র পর ঘরের মাঠে এটি তাদের প্রথম জয়। গ্রুপের অন্য দুই ম্যাচে গ্রিস ২-০ গোলে লিচেস্টেইনকে এবং বসনিয়া হার্জেগোভিনা ২-১ গোলে আর্মেনিয়াকে হারিয়েছে। গ্রিসের সঙ্গে সমান পয়েন্ট ও গোল ব্যবধানে গ্রুপের দুইয়ে আছে ইতালি।
‘এফ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে ছিল স্পেন। ১৬ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে গোল করেন রদ্রিগো মোরেনো। বিরতির পর ৬৫ মিনিটে জসুয়া কিংয়ের পেনাল্টি গোলে সমতায় ফেরে নরওয়ে। এর ছয় মিনিট পর পেনাল্টি পায় স্পেন। দেশের হয়ে ১৬২তম ম্যাচ খেলতে নামা সার্জিও রামোস গোল করেন। বাকি সময় দুদলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রুপের অন্য দুই ম্যাচে সুইডেন ২-১ গোলে রোমানিয়াকে এবং মাল্টা ২-১ গোলে ফারো আইল্যান্ডকে হারায়।
একই দিনে ‘ডি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড ২-০ গোলে জর্জিয়াকে হারিয়েছে। সুইসদের হয়ে গোল দুটি করেন স্টিভেন জুবের ও ডেনিস জাকারিয়া। এই হারের আগে ঘরের মাঠে টানা সাত ম্যাচ অপরাজিত ছিল জর্জিয়া। অন্য ম্যাচে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ১-০ গোলে জিতেছে জিব্রালটার বিপক্ষে।
