স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এ সময় মিগ-২৯সহ বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান প্যারেড স্কোয়ারের উপর দিয়ে উড্ডয়ন করে।
প্রদর্শনীস্থলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন
এবং সমরাস্ত্র পরিদর্শন করেন। তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা, বর্তমান সরকারের বিগত ১০ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের ওপর নির্মিত চারটি পৃথক স্টল পরিদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সংশ্লিষ্ট সচিব, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় এই সমরাস্ত্র প্রদর্শনী আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। বাসস।
×
