কয়েক বছরের মধ্যে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা কঙ্গনা রনৌত। মাঝে পরপর দুই সিনেমা ব্যর্থ হলেও ‘মণিকর্ণিকা’ দিয়ে ফর্মে ফিরেছেন তিনি। এ ছবির দুই পরিচালকের একজনও কঙ্গনা।
একের পর এক দুর্দান্ত অভিনয়ে চমকে দেওয়ার পাশাপাশি পুরস্কার ভাগ্যও তার ভালো। ৩২ বছর বয়সের মধ্যে তিনটি জাতীয় পুরস্কার বগলদাবা করেছেন কঙ্গনা। স্বাভাবিকভাবেই তিনি বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করতে পারেন। এই দৌড়ে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন।
সম্প্রতি নিজের জন্মদিনে প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয়ের ঘোষণা দেন কঙ্গনা। দুইভাষী সিনেমাটির তামিল নাম ‘থালাইভি’, হিন্দিতে ‘জয়া’।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি ২৪ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন বলিউড কুইন। আর দীপিকা-আলিয়ারা পান ১০-১৫ কোটির আশপাশে। অবশ্য আগের সিনেমার জন্য নিয়েছিলেন ২০ কোটির মতো।
দক্ষিণী পরিচালক এএল বিজয় ছবিটি পরিচালনা করছেন। চিত্রনাট্য করছেন ‘বাহুবলি’-খ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ।
পরিচালক বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘জয়ললিতা ম্যাডাম ছিলেন দেশের সর্বকালের সেরা নেত্রীদের মধ্যে অন্যতম। তার চরিত্র নিয়ে ছবি তৈরি করা এক বিশাল দায়িত্বের ব্যাপার। অনেক যত্ন আর সততার সঙ্গে চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে।’’
একই কথা কঙ্গনারও। তিনি জানান, বিশ্বের নারীদের অগ্রগণ্য ব্যক্তিত্ব জয়ললিতা।
