অ্যানিমেশন চলচ্চিত্রে ‍মুক্তিযুদ্ধ (টিজার)

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৪:৩৬ পিএম

কয়েক মাস আগে ওয়াহিদ ইবনে রেজা জানান, মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করছেন। সেই ছবি ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান- অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’-এর টিজার প্রকাশ হলো  এবারের স্বাধীনতা দিবসের আগে।

ডব্লিউআইআর ফিল্মসের ইউটিউব চ্যানেলে সোমবার উন্মুক্ত করা হয়েছে ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান’-এর টিজার।

১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে উঠে এসেছে কাহিনির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য। যেখানে চলন্ত ট্রেন থেকে তিন মুক্তিকামীকে বেয়নেটের খোঁচায় নদীতে ফেলে দিচ্ছে হানাদার বাহিনী। আর পাকিস্তানি সেনার চরিত্র তৈরি করা হয়েছে বিষধর সাপের আদলে।

টিজারের শুরুতেই জানানো হয়, সত্য কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। গণমাধ্যমকে এ প্রসঙ্গে ওয়াহিদ বলেন, দুই বন্ধুর ধ্রুব ও আক্কুর গল্প ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান’। যুদ্ধে অংশগ্রহণ ও তাদের বেঁচে ফেরা দেখা যাবে এ ছবিতে।

জানা গেছে, ১৫ মিনিট দৈর্ঘ্যে তৈরি হচ্ছে এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। যেখানে কণ্ঠ দেবেন ঢাকার নামি-দামি অনেক তারকা।

একাধিক হলিউড সিনেমায় ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন ওয়াহিদ ইবনে রেজা। এর মধ্যে আছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস,  ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, ডক্টর স্ট্রেইঞ্জ,  গেম অব থ্রোনস, ফিউরিয়াস সেভেন, ফিফটি শেডস অব গ্রে, নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব ও দ্য অ্যাংরি বার্ডস টু।  বর্তমানে সনি পিকচার্সের অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত