সপ্তাহ কয়েক পর মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিও’র অতি প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সেই সিনেমার ভারতীয় সংস্করণের জন্য বিশেষ একটি গান তৈরি করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গানটির জন্য রহমানের সঙ্গে জোড় বেঁধেছে মার্ভেল ইন্ডিয়া। বিশেষ আয়োজনের মাধ্যমে প্রকাশ হবে ১ এপ্রিল।
এ প্রসঙ্গে রহমান জানান, তার ঘরে ও চারপাশে অনেক মার্ভেল ভক্ত রয়েছেন। এ কারণে অনেক চাপের মাঝে থেকে গানটি করতে হয়েছে। তিনি আশা করছেন মার্ভেল কমিকস ভক্ত ও সংগীতপ্রেমীরা তার সুর পছন্দ করবেন।
কয়েক বছরের মধ্যে ভারতে হলিউডের সিনেমা বেশ ব্যবসা করছে। এ তালিকায় রয়েছে সুপারহিরো সিরিজটির সর্বশেষ কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। সে দেশে সিনেমাটি আয় করে আড়াইশ’ কোটি রুপির বেশি। ‘ইনফিনিটি ওয়ার’-এর পরের গল্প দেখা যাবে এবারের পর্বে।
রহমানের গান প্রসঙ্গে মার্ভেল ইন্ডিয়ার স্টুডিও প্রধান বিক্রম দুগ্গাল জানান, মার্ভেল ভক্তদের অসামান্য সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গানটি তৈরি করা হয়েছে।
‘এন্ডগেম’ পরিচালনা করেছেন দুই ভাই অ্যান্থনি ও জো রুশো। ২৬ এপ্রিল ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ভারতের বিভিন্ন ভাষার পাশাপাশি হলিউড ও অন্যান্য দেশের সিনেমায় সংগীত করেছেন এ আর রহমান। তিনি ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য দুটি অস্কার পান। এ ছাড়া গ্র্যামিসহ অনেক পুরস্কার জেতেন।
