নকলের ভিড়ে হারিয়ে যায় কত আসল। তবে ২০১৯ বিশ্বকাপের আগে একটু খোঁজখবর রাখলেই বাংলাদেশ ক্রিকেট দলের সত্যিকারের জার্সিটা কিনতে পারবেন আপনিও। জাতীয় দলের রেপ্লিকা জার্সি বাজারে আনবে ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’। যে জার্সিকে বলা যাবে ‘অফিশিয়াল’।
গতকাল দুপুরে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে একটি আয়োজন হলো। সেখানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, অনেক দিন ধরেই বাংলাদেশ দলের জার্সি তৈরি করা প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে তাদের। স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব বললেন, প্রথম তারা বিশ্বকাপের জার্সি আনবেন বাজারে। সেটা ২৫ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে বলে তার আশা।
এই জার্সির দাম এখনো নির্ধারিত হয়নি। ডিজাইন চূড়ান্ত করার পর বাকি সব ঠিক করা হবে। তবে জানানো হয়েছে, খ্যাতনামা কিছু আউটলেটের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় এটি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। নকল করে কেউ যাতে ‘অফিশিয়াল’ জার্সি বাজারে বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানান নিজামউদ্দিন। ইংল্যান্ডে জুন-জুলাই বিশ্বকাপ চলার সময় যেসব জায়গায় আইসিসি দলগুলোর জার্সির প্রদর্শনী ও বিক্রি করে সেখানে বাংলাদেশের জার্সি রাখার জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সহায়তা নেবে বিসিবি।
