ক্রোয়েশিয়ার হার,বেলজিয়ামের জয়

নেদারল্যান্ডসকে হারিয়ে জার্মানির প্রতিশোধ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১১:০৫ পিএম

ইউরো ২০২০-এর কোয়ালিফায়ারের ‘সি’ গ্রুপের ম্যাচে রবিবার রাতে জার্মানি ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ম্যাচের শেষ মুহূর্তে নিকো শুলজের গোলে রোমাঞ্চকর জয় পায় জোয়াকিম লোর শিষ্যরা। এই জয়ে নেশন্স কাপে ডাচদের কাছে হারের প্রতিশোধ নিয়েছে তারুণ্যনির্ভর দল জার্মানি। ‘ই’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরি ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। একই গ্রুপে ওয়েলস ১-০ গোলে জিতেছে স্লোভাকিয়ার বিপক্ষে। এছাড়া গ্রুপ ‘আই’র দুই ম্যাচে সহজ জয় পেয়েছে বেলজিয়াম ও রাশিয়া।

নেদারল্যান্ডস খেলতে পারেনি ২০১৮ বিশ্বকাপ। আর জার্মানি বাদ হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। নেশন্স কাপে একই গ্রুপে ছিল দুই দল। সেখানে দুবারের দেখায় একটিতে ২-২ গোলে ড্র এবং আরেকটিতে ৩-০ গোলে জিতেছিল নেদারল্যান্ডস। জার্মানিকে পেছনে ফেলে নেশন্স লিগে সেমিফাইনালে যায় ডাচরা। এরপরই জার্মান কোচ নতুন করে গড়েন দল। যেখানে শুধুই তারুণ্যের অগ্রাধিকার। সে দলই এবার নিল হারের প্রতিশোধ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় আমস্টারডামে। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধের ১৫ মিনিটে লেয়র সানের গোলে এগিয়ে যায় জার্মানরা। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্জে গেনাব্রি। বিরতির পর খেলায় ফেরে স্বাগতিকরা। ৪৮ মিনিটে ম্যাথিস ডি লিট গোল করেন। ৬৩ মিনিটে মেমফিস ডিপাই গোল করে সমতায় ফেরান ডাচদের। তবে শেষ হাসি হাসে জার্মানির তরুণ দল। ৯০ মিনিটে নিকো শুলজের দেওয়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। একই গ্রুপের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে বেলারুশকে। ফলে দুই ম্যাচ জয়ে গ্রুপ শীর্ষে তারাই। সমান ৩ পয়েন্ট করে জার্মানি ও নেদারল্যান্ডসের।

‘ই’ গ্রুপের ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ঘরের মাঠে হাঙ্গেরি ২-১ গোলে হারিয়েছে তাদের। ১৪ মিনিটে আন্দ্রে রেবিচের গোলে এগিয়ে যায় অতিথিরা। স্বাগতিকদের ৩৪ মিনিটে সমতায় ফেরান আদাম সালাই। ৭৬ মিনিটে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন মাতে। হাঙ্গেরির ফুটবল ঐতিহ্য অনেক পুরনো। বিশ্বকাপে ১৯৩৮ ও ১৯৫৪ সালের রানার্সআপ তারা। পুসকাস, ককসিস, জিবোর মতো খেলোয়াড়রা কিন্তু এই হাঙ্গেরিরই প্রতিনিধিত্ব করেছেন। সেরা গোলের যে পুরস্কার জেতা ফুটবলারদের স্বপ্ন তা কিন্তু পুসকাসের নামেই। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। একই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলস জয় পাওয়ায় তাদের পয়েন্টও ৩। এক জয় ও এক হারে ক্রোয়েশিয়া আছে চারে। ওয়েলসের কাছে হারা সেøাভাকিয়া ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে।

‘আই’ গ্রুপে বেলজিয়াম ২-০ গোলে সাইপ্রাসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ইডেন হ্যাজার্ড নিজের শততম ম্যাচ খেলতে নেমে পেয়েছেন গোল। বেলজিয়ামের হয়ে শততম ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড় হ্যাজার্ড। ১০ মিনিটে চেলসি তারকার গোলে এগিয়ে যায় বেলজিয়াম। জাতীয় দলে এটি তার ৩০তম গোল। এর আট মিনিট পর দ্বিতীয় গোলটি করেন মিচি বাতসুয়াই। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। আগের ম্যাচে বেলজিয়ানদের কাছে হারা রাশিয়া একই দিনে হারিয়েছে কাজাখস্তানকে। ডেনিস চেরিশেভের জোড়া গোলে ৪-০ ব্যবধানে জয় পায় রাশিয়ানরা। দুই খেলায় ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া।

এছাড়া ‘জি’ গ্রুপের খেলায় ঘরের মাঠে পোল্যান্ড ২-০ গোলে লাটভিয়াকে হারিয়েছে। দুই ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্টে গ্রুপ শীর্ষে তারা। ইসরায়েল ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয়তে। আর মেসিডোনিয়া ১-১ গোলে সেøাভেনিয়ার সঙ্গে ড্র করে ৪ পয়েন্টে উঠে এসেছে টেবিলের দুইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত