ডিএসইর বৈঠক পুঁজিবাজার ক্রমেই নিম্নমুখী হচ্ছে

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১২:৫৫ এএম

বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক ও শীর্ষস্থানীয় ব্রোকার হাউজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব  দেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন ডিবিএর প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, ডিএসইর পরিচালক শরীফ আতাউর রহমান, মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ডিএসইর পরিচালনা পর্ষদ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এর প্রেক্ষাপটে আজকের এই বৈঠক। তিনি বলেন, সভায় বাজার পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ব্রোকার হাউজের সার্ভিস বুথ অনুমোদন, স্ক্রিপ্ট নিটিং সিস্টেম চালু, করপোরেট ডিসক্লোজারের স্বচ্ছতা বাড়ানো, সঞ্চয়পত্রের সুদ হার কমানো, মিউচ্যুয়াল ফান্ডকে আরও সক্রিয় করতে হবে।

তারা বলেন, পুঁজিবাজার স্থিতিশীলতায় প্লেসমেন্ট শেয়ারের নীতিমালা প্রণয়ন, বহুজাতিক ও মৌলভিত্তিক কোম্পানিকে বাজারে আনা, কৌশলগত বিনিয়োগকারীর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগকারীকে আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে। এছাড়া, আইপিও’র কোটা বাতিল, আইসিবি’র মতো আরও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান গড়ে তোলা, ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গাইডলাইন তৈরি করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত