সমরাস্ত্র প্রদর্শনীতে রাষ্ট্রপতি

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৩৮ এএম

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ। গতকাল সোমবার বিকেলে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান গ্রহণের পর আন্তঃবাহিনী বাদক দল জাতীয় সংগীত পরিবেশন করে। পরে বিমানবাহিনীর যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট এবং সেনাবাহিনীর চৌকস ছত্রীসেনাদের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং উপভোগ করেন আবদুল হামিদ। তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

এর আগে রাষ্ট্রপতি প্রদর্শনীস্থলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

সাত দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আজ মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। তিন বাহিনীর মোট ৫৯টি স্টল রয়েছে এই প্রদর্শনীতে, এর মধ্যে সম্মিলিত বাহিনীর আছে পাঁচটি স্টল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত