মুক্তিযোদ্ধা হত্যা মামলা

সাবেক এমপি রানার জামিন স্থগিত

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৪৮ এএম

টাঙ্গাইলের সাবেক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হোসেন হত্যা মামলায় দলের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। পাশাপাশি ৩১ মার্চ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে আদালত।

গত ১৪ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দেয়। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার রানার জামিন স্থগিত করেন চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এই মামলায় সাবেক এমপি রানাকে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কারাগারে পাঠায় আদালত। পরে ২০১৭ সালের ১৩ এপ্রিল এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তার জামিন আপিল বিভাগে আটকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত