মন্টেনেগ্রোকে স্রেফ উড়িয়ে দিল ইংল্যান্ড

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:৫২ এএম

জোড়া গোলের দেখা পেলেন রস বার্কলি। জালের দেখা পেয়েছেন মিশেল কেইন, হেনরি কেইন ও রাহিম স্টার্লিং। তাদের নৈপুণ্যে ইউরো বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

পদগোরিকায় সোমবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে মন্টেনেগ্রোকে ৫-১ গোলে হারায় ইংল্যান্ড। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও ৫-০ গোলের বড় জয় পায় তারা।

মন্টেনেগ্রোর বিপক্ষে ইংল্যান্ডের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল না। সপ্তদশ মিনিটে পিছিয়ে পড়ে তারা। তবে সমতা ফেরাতে খুব বেশি সময় লাগেনি তারা। ৩০তম মিনিটে বার্কলির ক্রস থেকে খুব কাছ থেকে হেডে জাল খোঁজে নেন কেন।

প্রথমার্ধেই গোলের দেখা পান বার্কলি নিজে। দলকে এগিয়ে নেন ২-১ গোলে। কর্নার থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরো বাড়ায় ইংল্যান্ড। এই সময়ে আরো তিনটি গোল পায় তারা। ম্যাচ ঘণ্টার কাটায় গড়ানোর খানিক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বার্কলি। শেষ দিকে হ্যারি কেইন ও স্টার্লিংয়ের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগ্যাটের দল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়স্থানে থাকা বুলগেরিয়ার পয়েন্ট ২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত