আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সেতুমন্ত্রীকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কেবিনে স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর আবু নাসার রিজভী আরও বলেন, মন্ত্রী সুস্থ আছেন। তার রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা প্রমুখ।
হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। গত ৪ মার্চ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়। এতে আছেন কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহ, ডা. সিবাস্টিন কুমার সামি, অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডা. হু চি কো এবং সং কি মিন। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
