আন্তর্জাতিক সংস্থা সেমস গ্লোবাল আয়োজন করছে ১২তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (বিআইটিএফ) ২০১৯।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটি শুরু হয়। প্রদর্শনীতে থাকছে ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধনসামগ্রী, গৃহসজ্জা সামগ্রী, ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল পণ্য ও সেবা এবং কারু ও হস্তশিল্পের বিশাল সমাহার।
শিশুদের জন্য থাকছে অনেক রকমের খেলনা ও আনুষঙ্গিক পণ্যসামগ্রী। এ ছাড়া চামড়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, বিল্ডিং ম্যাটেরিয়ালস, খেলনা ও গেমস, শিশুপণ্য ও অন্যান্য পণ্যসামগ্রী। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কোরিয়া ও থাইল্যান্ড থেকে আগত ভোক্তা, উদ্যোক্তারা অংশ নিয়েছে। চলতি বছর প্রদর্শনীতে সেমস গ্লোবাল শিশুদের জন্য একটি বিশেষ চাইল্ড প্লে জোনের ব্যবস্থা করা হয়েছে, যা মেলার ৫ দিনই উন্মুক্ত থাকবে। এ প্রদর্শনী উদ্যোক্তাদের কার্যক্ষমতা বাড়াবে আর প্রদর্শকদের এই বিশাল বাজারে প্রতিযোগীদের থেকে আলাদা এক অবস্থানে নিজেদের তুলে ধরতে সাহায্য করবে।
