হবিগঞ্জের বাহুবলে বাঁশি বাজানো নিয়ে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে অধিকাংশ পুরস্কার পায় মীরপুর দি হোপ ইন্টারন্যশনাল স্কুল ও সাইশাইন প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে বাহুবল সদরের শিক্ষাপ্রতিষ্ঠান দ্বীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বেশি পুরস্কার পাওয়ার
আনন্দে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও সানশাইন স্কুলের শিক্ষার্থীরা বাঁশি ও ভুভুজেলা বাজাতে বাজাতে যখন স্টেডিয়াম ছাড়ছিল তখন দ্বীননাথ স্কুলের কিছু শিক্ষার্থীর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ওই সময় এক পক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধঘণ্টার এ সংঘর্ষে প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিমউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আহত শিক্ষার্থীদের দেখে এসেছেন। আগামী তিন-চার দিনের মধ্যে বিবদমান তিনটি স্কুলের ছাত্র-শিক্ষকদের নিয়ে সভা করবেন।
