ঝালকাঠিতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৫০ এএম

জেলার রাজাপুর উপজেলায় একাধিক হত্যা মামলার আসামি মেহেদী হাসান শুভকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার গভীর রাতে বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ পালট বড়ইয়া এলাকার আবদুল্লাহ আল মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

শুভকে উদ্ধৃত করে পুলিশ ও স্থানীয়রা জানায়, শুভসহ কয়েকজন রাত ১টা পর্যন্ত কলাকোপা বিশখালী নদীর পাড়ে মাঠে বসে আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে শুভর সঙ্গে থাকা নেয়ামত, বেল্লাল, হেলালসহ সবাই তাকে উপর্যুপরি কোপায়। এ সময় শুভর বাম পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়া হাত ও পা নিয়ে তারা পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সেখানেই পড়েছিল শুভ। স্থানীয়রা আরও জানায়, ফজরের আগে এলাকায় ডাকাত পড়েছে বলে স্থানীয় মসজিদে মাইকিং করে নেয়ামত। সকাল ৬টা পর্যন্ত নেয়ামত তাদের পালট বড়ইয়ার বাড়িতেই ছিল। প্রতিবেশী বুলবুল আহম্মদ জানান, কলাকোপার কয়েকজনের ফোন পেয়ে শুভর বাবাসহ তারা ঘটনাস্থলে ছুটে যান; তখনো শুভ জীবিত ছিলেন। শুভ মারা যাওয়ার আগে তিন-চারজন হত্যাকারীর নামসহ ঘটনায় সাত-আটজন জড়িত বলে গেছেন। শুভকে আহত অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, শুভর হাত-পা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রাজাপুর থানার ওসি জাহিদ হেসেন বলেন, শুভর নামে দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত