খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনার অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০২:৪৪ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার দাবি জানালেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি বলেন, “অতিরিক্ত আইজি প্রিজনসের সঙ্গে যোগাযোগ করলে তিনি আইজি প্রিজনসের মোবাইল নম্বরটা ছাড়া আর কিছুই দিতে পারেননি। কিন্তু আইজি প্রিজনসকে ২০/২৫ বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।”

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “গতকাল কারাগারে গিয়ে তার পরিবারের সদস্যরা দেখা করেছিলেন। তিনি আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বেগম জিয়া কারাগারে এখন এতটাই অসুস্থ যে তিনি এখন তার কক্ষেও হাটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে।”

“তিনি (খালেদা জিয়া) মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও এই জনপ্রিয় নেত্রীকে কোনো রকমের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তাকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে” যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,  “তার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। গত সাড়ে তিন মাসে তার কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।”

অবিলম্বে খালেদা জিয়াকে পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দায় কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত