লিস্ট ‘এ’ ক্রিকেটে রাজ্জাকের ৪০০

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৬:৪৯ পিএম

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক গড়লেন আব্দুর রাজ্জাক।

বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেট শিকার করেন প্রাইম ব্যাংক ক্রিকেটে ক্লাবের হয়ে খেলা রাজ্জাক। ২৬০ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে এদিন ম্যাচ শুরু করেছিলেন ৩৬ বছর বয়সী স্পিনার। প্রথম উইকেটটি পেয়েই পৌঁছে যান মাইলফলকে।

৮ ওভার বল করে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন রাজ্জাক। একে একে ফেরান আনিসুল ইসলাম ইমন (৩৩), আবরার আলম (১০), মিনহাজুল আবেদিন (১১) ও শাখির হোসেনকে (২)। একটি রান আউটও করেন জাতীয় দলের সাবেক এই তারকা। মাইলফলক গড়ার দিনে দল জিতেছে, ম্যাচসেরার পুরস্কারও হাতে ওঠে রাজ্জাকের।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ৫০০ উইকেট শিকারের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কীর্তিটি গড়েছেন রাজ্জাকই। ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তিও তার।

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৯ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রাজ্জাকের। সেরা বোলিং ফিগারও তার, ১৭ রানে ৭ উইকেট।

২৬৯ ম্যাচে ৪০৩ উইকেট এখন রাজ্জাকের। বাংলাদেশের পক্ষে এই কীর্তি ছোঁয়ার অপেক্ষায় আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২৮০ ম্যাচে তার উইকেট ৩৯১টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত