তাইবুর-সৈকতে বিকেএসপিকে হারাল দোলেশ্বর

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১০:০৪ পিএম

বল হাতে জোড়া উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও আলো কাড়লেন সৈকত আলি। দুর্দান্ত ফিফটি তুলে নিলেন তাইবুর রহমান। এই দুইয়ের ব্যাটে ভর করে চাপ কাটিয়ে বিকেএসপিকে হারাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। পেল লিগে পঞ্চম জয়।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বিকেএসপিকে ৩ উইকেটে হারায় দোলেশ্বর।

আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় বিকেএসপি। জবাব দিতে নেমে ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দোলেশ্বর। সেখান থেকে সৈকত আলির ৪৩ ও তাইবুর রহমানের অপরাজিত ৬১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে দোলেশ্বর।

এদিন টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। নিজে উইকেট না পেলেও ২টি করে উইকেট নিলেন আরাফাত সানি, সৈকত আলি ও এনামুল হক জুনিয়র। একটি করে সাদ নাসিম ও আবু জায়েদ।

তাতে বিকেএসপি বেশি দূর এগোতে পারেনি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে। ২৮ রান করেন অধিনায়ক আকবর আলি।

জবাব দিতে নেমে ব্যর্থ ছিল দোলেশ্বরের টপ অর্ডার। প্রথম চার ব্যাটসম্যানের মিলিত রান মাত্র ২৪। তবে সৈকত ও তাইবুরের ব্যাটে জয় নিশ্চিত করে দোলেশ্বর। সৈকত ৭৮ বলে ৪৩ করে ফিরলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাইবুর। ১০৫ বলে অপরাজিত ৬১ রান করেন তিনি ৬ চার ও ১ ছক্কায়।

বিকেএসপির পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ম্যাচসেরা হয়েছেন তাইবুর রহমান।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে দোলেশ্বর। সমান ম্যাচে দুই জয়ে দশম স্থানে বিকেএসপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত