শিশুর স্থূলতা কমাতে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:১৫ পিএম

স্থূলতা বা শরীরের অতিরিক্ত ওজন শিশুদের জন্য ক্ষতিকর। শৈশবের অতিরিক্ত শারীরিক ওজন পরবর্তী সময়ে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের কারণ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্থূলকায় শিশুদের মধ্যে পরিণত বয়সে মানসিক চাপ, বিষণ্ণতাসহ বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। বিভিন্ন কারণে শিশুরা স্থূলতায় ভুগতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ। ইদানীংকালে শিশুদের মধ্যে ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণের পরিমাণ খুব বেশি। এ ছাড়া কর্মব্যস্ত বাবা-মায়েরা প্রায়ই শিশুদের প্রক্রিয়াজাত খাবার কিংবা চিনি জাতীয় খাবার খাওয়াতে পছন্দ করেন। এই ধরনের খাদ্যাভ্যাসের সঙ্গে স্থূলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ ছাড়া কখনো কখনো হরমোনজনিত কারণেও শিশুদের স্থূলতায় ভুগতে দেখা যায়।

করণীয়

শিশুর স্থূলতা প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, স্থূল শিশুদের ওজন কমানোর জন্য স্বাভাবিক খাবার গ্রহণের পরিমাণ কমানো যাবে না। এক্ষেত্রে তাদের শারীরিক গঠন ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঠিক মতো হবে না। স্থূলকায় শিশুদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। তাদের সুনিয়ন্ত্রিত এবং সক্রিয় জীবন-যাপনে উৎসাহিত করতে হবে।

শরীরের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এর পাশাপাশি নিচের উপদেশগুলো মেনে চলতে হবে

অধিক পরিমাণে শাকসবজি, ফলমূল ও শস্য জাতীয় খাবার খেতে হবে।

অপেক্ষাকৃত কম চর্বিযুক্ত বা চর্বিবিহীন দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। স্থূলকায় শিশুদের এই ধরনের দুধ দেওয়া যেতে পারে।

প্রোটিনের উৎস হিসেবে পরিমাণ মতো মাছ, কম চর্বিযুক্ত মাংস ও ডাল খাওয়াতে হবে।

প্রচুর পরিমাণে পানি খেতে হবে।

চিনি জাতীয় খাবার ও কোমল পানীয় গ্রহণ কমিয়ে দিতে হবে।

অত্যাধিক ক্যালরিযুক্ত খাবার যেমন : পিজা বা বার্গার খাওয়া পরিহার করতে হবে।

বেশি লবণাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।

শিশুকে শারীরিকভাবে সক্রিয় থাকার জন্যে আগ্রহী করে তুলতে হবে। দৈনিক কমপক্ষে এক ঘণ্টা বাইরে খেলাধুলা করতে দিতে হবে।

স্থূলকায় শিশুকে নিয়মিত হাঁটা, সাঁতার ও সাইকেল চালানোর জন্য উৎসাহিত করতে হবে।

মোবাইল, টিভি, ল্যাপটপ ও কম্পিউটারের ব্যবহার কমাতে হবে। বিনোদনের জন্য পরিবারের সঙ্গে সক্রিয়ভাবে থাকার জন্য উৎসাহিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত