চেন্নাইয়ের টিম মিটিংয়ে থাকেন না ধোনি!

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:২৬ এএম

ক্রিকেটে সেরা অধিনায়ক কে তা অবশ্যই তর্কসাপেক্ষ। কিন্তু নিকটঅতীতে সেরা কে তা তর্কের ঊর্ধ্বে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে বর্তমানে সবচেয়ে সেরা তা এককথায় মেনে নেওয়া যায়। ধোনির শ্রেষ্ঠত্ব বিরাজমান আছে আইপিএলেও। কিন্তু এমন সাফল্যের রহস্য কী। তাহলে নিশ্চয়ই ম্যাচের আগে পরিকল্পনা সাজাতে বিস্তর আলোচনা করেন তিনি। আসলে না, চেন্নাই সুপার কিংসে ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না জানালেনÑ ম্যাচ নিয়ে দলের কোনো মিটিংয়েই থাকেন না ধোনি। তার চেয়ে বরং খেলা চলাকলীন তাৎক্ষণিক কী হয় সেটাই থাকে তার চিন্তাজুড়ে।

ধোনির নেতৃত্বে আরও একটি আসর দুর্দান্ত শুরু করল চেন্নাই। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা টানা দুই ম্যাচ জিতেছে। মঙ্গলবার নিজেদের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে ধোনির দল। আগে ব্যাট করে দিল্লি ৬ উইকেটে ১৪৭ রান তোলে। জবাবে ৪ উইকেটে ১৫০ করে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৩২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়ের ‘ক্যাপ্টেন কুল’।

বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বা রোহিত শর্মা কারও সঙ্গে ধোনির তুলনা করলেন না রায়না। তার কাছে প্রত্যেকের নেতৃত্বই আলাদা। কিন্তু মেনে নিলেন ধোনির কৌশল ও উপস্থিত বুদ্ধির সঙ্গে কারও তুলনা হয় না, ‘সব অধিনায়কই আলাদা। তাদের সবার আলাদা ক্ষমতা থাকে, কৌশল থাকে। কিন্তু ধোনি সব থেকে অতুলনীয়। তার কৌশল সবসময়ই এমন কিছু নিয়ে আসে যা দলকে একের পর এক জয় এনে দিয়েছে। সে সবসময় পরিস্থিতি বিবেচনা করে চিন্তা করে। যে কারণে সফলও হয়েছে সবচেয়ে বেশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত