খালেদাকে শিগগিরই কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:৫৬ এএম

দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময় ধরে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বুধবার আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারটি অনেক পুরাতন, এটা আমরা জাদুঘর হিসেবে রূপান্তর করতে যাচ্ছি। জাদুঘরের কাজ শিগগিরই শুরু হবে।

কাজেই তখন জাদুঘরের কাজ শুরু হয়ে গেলে এখানে আর কাউকে রাখা সম্ভব হবে না। সেজন্য কেরানীগঞ্জে অত্যাধুনিক যে কারাগার আমরা করেছি, সেই কারাগারে আমাদের সবকিছুই সুসম্পন্ন হয়েছে। খালেদা জিয়াকে আমরা সেখানে নেওয়ার চিন্তাভাবনা করছি।’

খালেদা জিয়াকে কবে সেখানে নেওয়া হতে পারে এমন প্রশ্নে সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোটামুটি রেডি আছে। যেকোনো সময়, প্রয়োজন হলেই।’

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকটি সংবাদমাধ্যমে খালেদা জিয়াকে অন্য কারাগারে স্থানান্তরের পরিকল্পনার খবর এলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টিকে অভিহিত করেন ‘সরকারের চক্রান্ত’ হিসেবে।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো হচ্ছে এমন গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘বিএনপির তরফ থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে আসেনি। তাছাড়া বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত