নোয়াখালীতে সিইসি

বড় দল না আসায় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৩:১৯ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দেশের একটি বড় রাজনৈতিক দল বা জোট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও সুষ্ঠু হয়েছে। ভোটারদের ভোটে সম্পৃক্ততা করা রাজনৈতিক দলের দায়িত্ব; নির্বাচন কমিশনের নয়। গতকাল বুধবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে গোয়েন্দাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে আচরণবিধি মেনে চলতে বাধ্য করা হবে। তিনি বলেন, দেশে সরকার কাঠামো পরিচালিত হয় এক কক্ষবিশিষ্ট সংসদের মাধ্যমে। এরপরই রয়েছে স্থানীয় সরকার কাঠামো। সরকারের উন্নয়ন ও শাসনব্যবস্থা স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূল পর্যন্ত চলে গেছে। তাই এ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে।

নুরুল হুদা বলেন, নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে কি না, তা তদারকি করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন একটি স্বচ্ছ প্রক্রিয়া। গোপন বুথ ছাড়া নির্বাচনী সব প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।

ওই সময় জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত