ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্ডার লুকা এরনঁদেজকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। আতলেতিকো মাদ্রিদের এই খেলোয়াড়কে দলে টানতে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের গুণতে হয়েছে বড় অঙ্কের অর্থ।
এরনঁদেজ ৮ কোটি ট্রান্সফার ফিতে বায়ার্নে নাম লিখিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর। চুক্তি অনুযায়ী জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির হয়ে পাঁচ মৌসুম খেলবেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। দলটিতে যোগ দিবেন ১ জুলাই।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন এরনঁদেজ। বিশ্বকাপে দলের সবগুলো ম্যাচেই ছিলেন তিনি।
বায়ার্নে এরই মধ্যে ডাক্তারি পরীক্ষা হয়েছে এরনঁদেজের। পরীক্ষায় তার ডান হাঁটুতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। এই জন্য অস্ত্রোপচারে যেতে হচ্ছে তাকে।
বায়ার্নে নাম লেখাতে পেরে খুব খুশি এরনঁদেজ, “এটা আমার ফুটবল ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। ইউরোপ ও বিশ্বে বায়ার্ন মিউনিখ অন্যতম সেরা একটি ক্লাব। বায়ার্নের হয়ে সব শিরোপা জয়ের জন্য লড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।”
এরনঁদেজ সেন্টার-ব্যাকের পাশাপাশি ও লেফট-ব্যাকেও খেলতে পারেন এরনঁদেজ। ২০১৪ সাল থেকে আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগায় ৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে একবার জিতেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ শিরোপা।”
